স্পোর্টস ডেস্ক:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতির আগে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ১ উইকেটে ৯৪ রান।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ উপলক্ষে দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রী ও শিক্ষকরা বিনামূল্যে মাঠে বসে ম্যাচটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত বিসিবি পরিচালক রাহাত শামস জানান, “শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং একাডেমির খেলোয়াড়দের জন্য টিকিট ফ্রি করা হয়েছে।” বিসিবির নির্দেশনা অনুযায়ী, দর্শকদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। স্টেডিয়ামে প্রবেশ: গেট নম্বর ২, গ্যালারিতে প্রবেশ: গেট ৫ থেকে ৯ পর্যন্ত দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে ব্যাগ, বাইরে থেকে আনা খাবার ও পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ।
সাধারণ দর্শকদের জন্যও টিকিটের দাম সাশ্রয়ী রেখেছে বিসিবি— গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ড: ৫০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ১০০ টাকা, ক্লাব হাউস: ২৫০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা। যদিও এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তবু নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় অধ্যায়ের শুরুটা জয়ে রাঙাতে মুখিয়ে আছেন।