মো. আবু সাঈদ :
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বাহাউদ্দিনের অফিসকক্ষ থেকে ৪০ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, হারুন অর রশিদ, বজলুর রহমান, শামীম হোসেন ও সাইফুল ইসলাম। তারা সবাই বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয়ে হাসপাতালের অফিসে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে মোট নয়জন কথিত সাংবাদিক তত্ত্বাবধায়কের অফিসে প্রবেশ করেন। নিজেদের গণমাধ্যমকর্মী পরিচয় দিয়ে কিছুক্ষণ আলাপের পর তারা বেরিয়ে যান। কিছু সময় পর অফিসের ব্যাগটি নিখোঁজ দেখতে পান ডা. বাহাউদ্দিন। ব্যাগটিতে ৪০ হাজার টাকা, বাসা ও অফিসের চাবি, এবং গুরুত্বপূর্ণ নথি ছিল বলে জানান তিনি। পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা শার্ট পরিহিত আসামি শামীম হোসেন কাঁধে ব্যাগটি নিয়ে অফিস থেকে বের হচ্ছেন।
তত্ত্বাবধায়ক বলেন, “তারা নিজেদের সাংবাদিক পরিচয়ে ভিজিটিং কার্ড দিয়েছিল। পরে ফোনে যোগাযোগ করলে জানায়, ব্যাগটি নাকি মুক্তিযোদ্ধা সংসদে রাখা আছে – লোক পাঠিয়ে নিয়ে আসতে বলেছিল।” এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন জানান, “চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঘটনাটি নিয়ে হাসপাতালে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। পুলিশ বলছে, এটি সাংবাদিক সেজে সংঘবদ্ধ চুরি চক্রের অংশ হতে পারে।