অনলাইন ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল প্রতিহিংসার রাজনীতি করতে চায় না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপি ও বিরোধীদের বিরুদ্ধে যেভাবে মামলা করেছে, বিএনপি তেমনটি করবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, শেখ হাসিনাকে বলছি, দেশে আসেন, এসে হাত জোড় করে জনগণের কাছে ক্ষমা চান, বলেন যা করছি ভুল করছি।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ দলের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
এর আগে দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অপর এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ৯ মাস ধরে সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হলেও অনেক বিষয় অমীমাংসিত রয়ে গেছে। যদি সরকার সেগুলো চাপিয়ে দিতে চায়, এর দায় বিএনপি নেবে না—এর দায় সরকারকেই নিতে হবে।
তিনি আরও ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৫ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে।