লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন থেকে চার রাউন্ড ছররা গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের ৮৫৪ নম্বর প্রধান পিলারের উপপিলার-৩ এলাকার শূন্যরেখায় এ ঘটনা ঘটে। আহতরা গোপনে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এর আগে, ৫ নভেম্বর ভোরে একই সীমান্তে বিএসএফ তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। পাঁচ দিনের ব্যবধানে ফের গুলি চালানোর ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার পকেটপাড়া গ্রাম সংলগ্ন এলাকা থেকে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দল গুলি ছোড়ে। গুলির শব্দে সীমান্তের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আহত হওয়ার ঘটনাটি এখনো নিশ্চিত করেনি। সীমান্তে গুলির পর আহতদের গোপনে সরিয়ে নেওয়ায় তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর রংপুর ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের শ্রীরামপুর ক্যাম্প ও শমসেরনগর কোম্পানি সদর থেকে বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি তদন্তে রাখেন।
বিজিবির শমসেরনগর কোম্পানির কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন, গুলি ছোড়ার খবর পাওয়ার পরপরই সীমান্তে যাওয়া হয়। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে, তবে তারা পরবর্তীতে সময় জানাবে বলে জানিয়েছে।