বিনোদন ডেস্ক :
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। গুজব রটে, তিনি নাকি ভেন্টিলেশনে আছেন এবং মারা গেছেন। এ ধরনের ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মেন্দ্রর স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী এবং কন্যা এষা দেওল।
গুজব ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন এষা দেওল। নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, “ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আমার বাবার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পরিবারের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। বাবার দ্রুত আরোগ্যের জন্য আপনাদের ভালোবাসা ও প্রার্থনায় আমরা কৃতজ্ঞ।”
অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনীও আরেকটি পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, “যা ঘটছে তা একেবারেই ক্ষমার অযোগ্য। সত্য যাচাই না করেই এই ধরনের ভুয়া সংবাদ ছড়ানো হচ্ছে— এটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও অসম্মানজনক। ধর্মেন্দ্র চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দয়া করে পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন।”
ধর্মেন্দ্রর পরিবার নিশ্চিত করেছে, বলিউডের কিংবদন্তি এই অভিনেতা বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং দ্রুত সুস্থতার পথে।পরিবারের পক্ষ থেকে ভক্ত ও গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে— গুজবে কান না দিতে এবং পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানাতে।