বিনোদন প্রতিবেদক :
ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না তার অসংখ্য ভক্ত। আকস্মিক এই প্রয়াণ শুধু সংগীতপ্রেমীদের নয়, ভেঙে দিয়েছে পরিবারের মানুষগুলোকেও। শোকের ছায়া নেমে এসেছে তার বাড়িতে— একদিকে অসুস্থ বৃদ্ধ বাবা, অন্যদিকে ভগ্ন শরীর ও মন নিয়ে দিন কাটাচ্ছেন স্ত্রী গরিমা গার্গ শইকীয়া। সম্প্রতি গায়িকা জোজো মুখার্জি আসাম সফরে গিয়ে জুবিনের পরিবারের সঙ্গে দেখা করে এসেছেন। ফিরে এসে তিনি ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, বন্ধুর বাড়িতে গিয়ে নিঃশব্দ এক শোকঘেরা পরিবেশ দেখতে পেয়েছেন।
জোজো বলেন, “জুবিনের বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন। এখন ছেলের মৃত্যুশোকে আরও ভেঙে পড়েছেন। মনে হলো, কথা বলারও শক্তি হারিয়ে ফেলেছেন তিনি। চুপচাপ বসে আছেন— একেবারে স্তব্ধ।” স্ত্রী গরিমা গার্গ-এর অবস্থাও ভালো নয় বলে জানান জোজো। স্বামীর মৃত্যু ও মানসিক ধাক্কায় তিনি নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। জোজো বলেন,
“গরিমার সঙ্গে খুব বেশি কথা বলা সম্ভব হয়নি। ওর শরীর এবং মন— দুটোই ভীষণ দুর্বল।” প্রিয় বন্ধুর এমন মৃত্যু নিয়ে গরিমার কাছে কষ্টের কথাও ব্যক্ত করেছেন জোজো মুখার্জি। আবেগভরা কণ্ঠে বলেন, “গরিমা যদি সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে থাকতেন, হয়তো এমনটা ঘটত না।” এক সময়ের প্রাণবন্ত, হাসিখুশি জুবিনের অনুপস্থিতিতে এখন নীরবতার মধ্যে দিন কাটছে তার প্রিয়জনদের। ঘর ভরে আছে শুধু স্মৃতি আর অসমাপ্ত সুরের প্রতিধ্বনিতে।