নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দায়িত্ব পালনের সময় হঠাৎ মারা গেছেন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সংবাদ সংগ্রহের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত উদ্ধার করার আগেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, স্ট্রোক করেই তার মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামের সন্তান তরিকুল শিবলী রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।
সহকর্মী সোহেল রানা জানান, সংবাদ সংগ্রহের সময় লাইভে থাকা অবস্থাতেই তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন।