কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় কচুরিপানা দিয়ে সেতুর মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হতে না পেরে ৩ টি দোলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চাষীরা সময় মত আমন চারা রোপণ করতে না পেরে বিপাকে পড়েছে।
নিজপাড়া গ্রামের কৃষক জব্বার আলী ও নজরুল ইসলাম বলেন, রাজেন্দ্র বাজার এলাকা থেকে শুরু করে মধ্যে সাপ খাওয়া দোলা, মধ্যে নিজপাড়া গ্রামের বৃষ্টির পানি বের হয়ে যায়, গাজীরহাট জোরা দীঘির পুল, তালুকসাহাজ আটানী পুলের ভিতর দিয়ে। গিরাই এ তিনটি সেতুর মুখে কচুরিপানা আটকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়েছে। ফলে নিজপাড়া দোলা, সাপ খাওয়ার দোলা ও আটানীর দোলা, গিরাই সহ তিন দোলায় ৩০০ একর জমিতে আমন ধানের চারা রোপণ করতে পারছেনা কৃষকরা। ফলে এসব জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা।
এছাড়াও এ তিনটি দোলায় আইল বেঁধে মাছ চাষ,মাল্লি বেঁধে খড়া জাল বসিয়ে মাছ শিকার, জমির আইলে ডারকি বসানো,রিং জাল বসিয়ে মাছ নিধনের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পরায় দোলার মধ্যে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক কে বিষয় টি জানালে তিনি উপজেলা কৃষি অফিসার এর সাথে দেখা করতে বলেন, উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতার আবার বিএডিসি কে দেখার জন্য বলেন।
উপসহকারী প্রকৌশলী মাসুদ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, সরোজমিনে গিয়ে দেখে বিষয়টি ব্যবস্থা নেয়া হবে। এভাবেই চলছে তিন দপ্তরের দায়িত্ব পালনের নমুনা। অপরদিকে জলাবদ্ধতার কারণে ঘটছে কৃষকের সর্বনাশ।