মো. আবু সাঈদ :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নাশকতা ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:-
আ. খ. ম. নুরুল হক–সাবেক চেয়ারম্যান সাটুরিয়া উপজেলা পরিষদ।
মো. খালেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ
মো. মফিজুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ
মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, ফুকুরহাটি ইউনিয়ন
মো. হাবিবুর রহমান হাবিব — সহ-সভাপতি মানিকগঞ্জ জেলা ছাএলীগে।
কী ঘটেছিল :
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার রাত আড়াইটার দিকে উপজেলার দড়গ্রাম ইউনিয়নের তেবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখা কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা আগুন ধরানোর চেষ্টা করে। তারা পাটের বস্তায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে সেটি ব্যাংক কার্যালয়ের দিকে নিক্ষেপ করে। এই ঘটনায় গ্রামীণ ব্যাংকের দড়গ্রাম শাখা ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান সোমবার রাতে অজ্ঞাত ৫০–৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
পুলিশের বক্তব্য :
সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, “গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টার মামলায় আনিসুর রহমান ও মফিজুর রহমানকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গত বছরের ১৩ আগস্ট দড়গ্রাম বহুমুখী উচ্চবিদ্যালয়ে অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানকে ধরা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে (৫৪ ধারায়) আ. খ. ম. নূরুল হক ও খালেকুজ্জামানকেও গ্রেপ্তার করা হয়েছে।”
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, “গ্রেপ্তার পাঁচ আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”