নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে পোস্টাল ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে চালু করা হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ, যা আগামী ১৮ নভেম্বর সন্ধ্যায় উন্মুক্ত করা হবে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পোস্টাল ব্যালট পরিকল্পনা প্রণয়ন কমিটির সভার কার্যবিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। গত ৬ নভেম্বর ইসির সভায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি জানায়, নতুন এই ব্যবস্থায় কেবল প্রবাসী বাংলাদেশিরাই নয়, আরও কয়েকটি শ্রেণির ভোটারও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এর মধ্যে রয়েছে— বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা, দায়িত্বপালনরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা, নির্বাচনী কাজে নিয়োজিত পোলিং অফিসাররা, এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা।
প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধন করে ভোট দিতে পারবেন। এই প্রক্রিয়ায় প্রবাসীদের পরিচয় যাচাই, নিবন্ধন ও ভোটদানের প্রতিটি ধাপ থাকবে প্রযুক্তিনির্ভর। ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অংশ নেবেন বিদেশে অবস্থিত সব বাংলাদেশ দূতাবাস ও মিশন প্রধান, প্রবাসী সংগঠনের প্রতিনিধি, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা, এবং নির্বাচন কর্মকর্তারা। ইসি জানিয়েছে, প্রবাসীদের সময় অঞ্চল বিবেচনায় সন্ধ্যার সময়টিই অ্যাপ উদ্বোধনের জন্য নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে বিদেশে অবস্থানরত নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ আরও সহজ ও স্বচ্ছ হবে।