নিজস্ব প্রতিবেদক :
বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায়ের পর জেলার বিএনপি ও জামায়াতের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দেখা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াদিজ্জুমান দিপু, জেলা উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনির ও জামায়াতের মনজুরুল ইসলাম রাহাতসহ প্রায় ডজন খানেক নেতা। প্রথমে তারা ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে সিইসির সঙ্গে আলোচনা করেন।
সাক্ষাতের পর সাংবাদিকদের বক্তব্যে শেখ ওয়াদিজ্জুমান দিপু বলেন, “রায়ের কপি আমাদের হাতে পৌঁছায়নি। তবে আমরা আগেই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে বাগেরহাটের জনগণের দাবি তুলে ধরেছি। আমরা আশা করি কমিশন আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবে এবং এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না, যাতে এলাকাবাসীর ওপর নতুন চাপ সৃষ্টি হয়।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। বিভিন্ন রাজনৈতিক দল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে হরতাল ও অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এরপর হাইকোর্টে দুটি রিট করা হয়। সোমবার (১০ নভেম্বর) হাইকোর্টের বেঞ্চ বাগেরহাটের চারটি আসন বহাল রাখার নির্দেশ দেয় এবং কমিশনের জারি করা গেজেটকে অবৈধ ঘোষণা করে। এ রায়ের পর জেলা বিএনপি ও জামায়াতের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবিসমূহ তুলে ধরেছেন।