জেডটিভি বাংলা ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সঙ্গে আসতে চায়, তাহলে তাদের নিয়ে জোট গঠন করা যেতে পারে।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্যমতের প্রশ্নে এনসিপি সবসময় ছাড় দিয়ে এসেছে। সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। নির্বাচনের প্রাথমিক ধাপে নভেম্বরের প্রথম তিন সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে এনসিপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তিনি অভিযোগ করে বলেন, টকশো ও বুদ্ধিজীবীদের মাধ্যমে আওয়ামী লীগকে বারবার বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করেছে, আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। যে রাজনৈতিক দলের পতন গণঅভ্যুত্থানের মাধ্যমে ঘটে, তাদের উপযোগিতা তখনই ফুরিয়ে যায়। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে। গণতান্ত্রিক রূপান্তরের এ প্রক্রিয়াকে আমরা ফ্যাসিলিটেট করছি।
প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবের বিষয়ে হাসনাত বলেন, “যদি প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়— যেমন ডিসি, এসপি, ওসিদের ভাগাভাগি— তাহলে প্রত্যাশিত গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। তাই জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য ছাড়া বিকল্প নেই। আওয়ামী লীগের উপযোগিতা বাংলাদেশে ইতোমধ্যেই শেষ হয়ে গেছে।
নারায়ণগঞ্জের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জের ঐতিহ্যকে টেন্ডারবাজি, চাঁদাবাজি আর গডফাদারদের রাজনীতি দিয়ে কলুষিত করা হয়েছে। সময় এসেছে সেই ঐতিহ্য ফিরিয়ে আনার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু এবং জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুহিন খান প্রমুখ।