নিজস্ব প্রতিবেদক :
সৌদি আরবের রাজধানী রিয়াদে গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক সুলাইমান সালেহ আল দাখিলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। বৈঠকের শুরুতে গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক ড. ভূঁইয়াকে স্বাগত জানান এবং প্রবাসী কর্মীদের কল্যাণে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বৈঠকে ড. নেয়ামত উল্যা জানান, গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত অধিকাংশ মেডিকেল সেন্টার ঢাকায় অবস্থিত হলেও বাংলাদেশের বেশিরভাগ প্রবাসগামী কর্মী গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে থাকেন। ফলে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকায় আসা তাদের জন্য কষ্টকর ও ব্যয়সাপেক্ষ।
তিনি আরও উল্লেখ করেন, কিছু মেডিকেল সেন্টারের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়, রিপোর্ট দেরিতে আপলোড করা এবং কর্মীদের হয়রানির মতো অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে বাংলাদেশে কাউন্সিলের কোনো আঞ্চলিক তদারকি অফিস না থাকায় এসব সেন্টার যথাযথ ব্যবস্থাপনার আওতায় আনা যাচ্ছে না বলেও তিনি জানান। এই পরিস্থিতিতে সচিব প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও গালফ হেলথ কাউন্সিলের মধ্যে ত্রিপক্ষীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি প্রত্যেক পক্ষ থেকে একজন করে ফোকাল পয়েন্ট নির্ধারণ এবং অভিযোগ নিষ্পত্তির জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির পরামর্শ দেন।
গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক প্রবাসী কর্মীদের কম খরচে ও নির্বিঘ্নে মেডিকেল পরীক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে একমত হন। তিনি বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে কর্মীদের সচেতনতা বাড়ানো এবং মেডিকেল সেন্টারগুলোর অনিয়মের তথ্য তাৎক্ষণিকভাবে কাউন্সিলকে জানানো হলে সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব হবে।মহাপরিচালক আরও আশ্বস্ত করেন, বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গালফ হেলথ কাউন্সিলের প্রতি পাঠানো যেকোনো প্রস্তাব সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের জন্য তিনি উদ্যোগ নেবেন।