নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা বলেছেন, নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহজনক, তাই জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমরা চাই নিরপেক্ষ নির্বাচন হোক। কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না। ফলাফল বর্জনের মতো অবস্থানও আমাদের নেই। আমরা চাই সঠিকভাবে ভোট হোক এবং তার ভিত্তিতেই ফলাফল আসুক।”
তিনি আরও বলেন, “ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। জয়ের বিষয়ে আমি আশাবাদী।” তবে কোন হল থেকে বেশি ভোট আশা করছেন—এমন প্রশ্নে তিনি কোনো নির্দিষ্ট উত্তর দেননি।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে উমামা জানান, “এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। আমরা চাই এভাবেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হোক।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। ডাকসু নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে।