
রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি
ভারত থেকে আমদানিকৃত ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে দুটি বিদেশি জাহাজ। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরকারিভাবে এই চাল আমদানি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল থেকে জাহাজ দুটি থেকে চাল খালাস শুরু হয়েছে।
জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিয়েস’-এর ব্যবস্থাপক আবুল হাসেম শামিম জানান, কলকাতা বন্দর থেকে আগত জাহাজগুলো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে আজ সকাল থেকে খালাস শুরু হয়েছে। বড় জাহাজ থেকে চাল খালাস করে ছোট লাইটারেজ জাহাজে ভরা হচ্ছে। এরপর নৌপথে দেশের বিভিন্ন জেলার সরকারি খাদ্যগুদামে পৌঁছে দেওয়া হবে। আগামী ৪-৫ দিনে সম্পূর্ণ খালাস শেষের আশা।
মোংলা উপজেলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান সরদার বলেন, জিটুজি (সরকার টু সরকার) চুক্তির আওতায় ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে মোট ৮ লাখ মেট্রিক টন সেদ্ধ ও আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারত থেকে আসা এটি নবম চালান।
দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ও সরবরাহ নিশ্চিত করতে সরকার ও বেসরকারি উভয় পর্যায়ে বিপুল চাল আমদানি চলছে। শুল্কমুক্ত সুবিধায় আসা এসব চালের সিংহভাগ নন-বাসমতি, যা সাধারণ মানুষের চাহিদা মেটাতে ও বাজার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ভারতের পেট্রাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে নিয়মিত চাল আসছে, যা দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত সরবরাহ করা হচ্ছে।