পিলখানা ট্র্যাজেডির ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পূর্ববর্তী স্বাধীন তদন্ত কমিশনের দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন এবং দোষীদের যথাযথ বিচার নিশ্চিত করাই সরকারের বর্তমান লক্ষ্য।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এর আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়ার সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ব্যবস্থা নেওয়া হবে, যা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেরও অংশ। আজকের বক্তব্যে তিনি সেই অবস্থান স্পষ্ট করে জানালেন যে, নতুন কমিশন নয় বরং বিদ্যমান সুপারিশের আলোকে দ্রুত বিচার প্রক্রিয়াই এখন অগ্রাধিকার।