বরিশাল | জেডটিভি বাংলা প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আদালত পাড়া। এর প্রতিবাদে বরিশাল চিফ মেট্রোপলিটন ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। একইসঙ্গে সংশ্লিষ্ট বিচারকের অপসারণ দাবি করেছেন তারা।
মঙ্গলবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করেন। গতকাল সোমবার বিএনপি অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের মামলায় সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফাত উল্লাহ। এই ঘটনার পরপরই আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর যারা খুন, গুম ও হামলার সঙ্গে জড়িত ছিলেন, আদালত কোনো প্রকার অনুশোচনা ছাড়াই সেই ‘ফাসিস্টদের’ জামিন দিচ্ছে। জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, “যেখানে সাধারণ মানুষকে বিস্ফোরক মামলায় জামিন নিতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের সাথে যুক্ত আওয়ামী লীগ নেতারা নিম্ন আদালত থেকেই জামিন পেয়ে যাচ্ছেন।”
বিক্ষোভকারীরা সংশ্লিষ্ট বিচারককে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযুক্ত করেন এবং তাকে অপসারণ না করা পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেন।
আইনজীবীদের এই আদালত বর্জনের কারণে দূর-দূরান্ত থেকে আসা শত শত বিচারপ্রার্থী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আদালতের নিয়মিত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। তারা স্পষ্ট জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
জেডটিভি নিউজ ডেস্ক