নিজস্ব প্রতিবেদক | ztvbangla.com প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা: বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই অর্থাৎ ১৬ বছর বয়সেই এনআইডির জন্য আবেদন করা যাবে এবং পরিচয়পত্র পাওয়া যাবে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এক পরিপত্রের মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত আদেশে জানানো হয়, যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা এখন থেকেই নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এর আগে সাধারণত ১৮ বছর না হওয়া পর্যন্ত এনআইডির জন্য আবেদনের সুযোগ ছিল না।
নতুন এই নিয়মে ১৬ বা ১৭ বছর বয়সে এনআইডি পেলেও এখনই ভোটার হওয়া যাবে না। আবেদনকারীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তার নাম ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবে। জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ৫ ধারার আলোকে ইসি এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নির্বাচন কমিশন থেকে এই নতুন নিয়ম অবিলম্বে কার্যকর করার জন্য দেশের সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এখন থেকে ১৬ বছর বয়সীরা পাসপোর্ট, ব্যাংক একাউন্ট বা অন্যান্য নাগরিক সুবিধার জন্য এনআইডি ব্যবহার করতে পারবেন।
নিউজ সোর্স: একেএস/জেডটিভি বাংলা