নিজস্ব প্রতিবেদক | জেটটিভি বাংলা প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘অপরাধমূলক ভয়ভীতি’ প্রদর্শন ও ‘মানহানিকর’ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
আজ রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এই আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর থেকেই তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছিলেন।
সর্বশেষ গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের বরাতে বাদী জানতে পারেন যে, নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে “বাংলাদেশ ক্রিমিনাল র্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার” বলে সম্বোধন করেছেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পর্যালোচনার জন্য রেখেছেন। এ বিষয়ে পরবর্তী সময়ে আদেশ প্রদান করা হবে বলে জানা গেছে।