জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | জেটটিভি বাংলা প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬
ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল কেনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে আল মিরাজ নিরব (২৩) নামে এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার মেসার্স তাজ ফিলিং স্টেশনে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত নিরব ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ সদর উপজেলা কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে নিরব তাজ ফিলিং স্টেশনে প্লাস্টিক বোতলে তেল নিতে গেলে কর্মচারীরা অপারগতা প্রকাশ করেন। পরে তিনি অন্য পাম্প থেকে তেল সংগ্রহ করে ফেরার পথে দেখেন ওই পাম্পেই অন্য একজনকে বোতলে তেল দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ জানালে পাম্প কর্মচারীদের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বিতর্কিত এই তাজ ফিলিং স্টেশনের মালিক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ ওরফে সৃজনী হারুন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। র্যাব-৬ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।