নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ | ৩ মিনিট পাঠ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের জন্য ‘ন্যায্য মূল্যের দোকান’ দেওয়ার জেরে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ১নং ওয়ার্ড সভাপতি মোঃ ওমর ফারুক জয়কে (২৬) নৃশংসভাবে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ‘আওয়ামী দোসর’ ও চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ওমর ফারুক জয় বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জিয়া সৈনিক দলের নেতা ওমর ফারুক জয় সিদ্ধিরগঞ্জের মিজিমিজি বাতেনপাড়া ক্যানেলপাড় এলাকায় রমজান মাসে সল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য একটি দোকান দেওয়ার সিদ্ধান্ত নেন। তার এই জনহিতকর উদ্যোগে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও আওয়ামী লীগের স্থানীয় দোসর হিসেবে পরিচিত মোঃ শহীদ (৩৭) এবং মোঃ ইমরান হোসেনসহ (৩৩) অজ্ঞাতনামা ৪/৫ জন তার কাছে ২০,০০০ টাকা চাঁদা দাবি করে। বিএনপি নেতার এই উদ্যোগকে ভেস্তে দিতেই চাঁদার এই দাবি করা হয় বলে ধারণা করা হচ্ছে।



চাঁদা দিতে অস্বীকৃতি জানানো এবং আওয়ামী দোসরদের হুমকির প্রতিবাদ করায় গত ৪ মার্চ (বুধবার) দুপুর আনুমানিক ৩:৩০ মিনিটে অভিযুক্তরা ওমর ফারুকের দোকানের জায়গায় ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফারুক এর প্রতিবাদ করলে ইমরান হোসেন ও শহীদ সহ পুরো গ্যাং তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এলোপাথাড়ি চড়, থাপ্পড়, কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করা হয়।

হামলার শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ ওমর ফারুক জয়।
লিখিত অভিযোগে ফারুক আরও উল্লেখ করেন যে, মারধরের পর অভিযুক্তরা তাকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছে, দাবি করা চাঁদা না দিলে ওই স্থানে তাকে কোনো প্রকার দোকান করতে দেওয়া হবে না। এমনকি ভবিষ্যতে সুযোগ বুঝে তাকে প্রাণে মেরে লাশ গুম করে ফেলার ভয়ংকর হুমকিও প্রদান করা হয়েছে। এই ঘটনার পর জিয়া সৈনিক দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে ভুক্তভোগী বিএনপি নেতা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন এবং জানমালের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দেন। পুলিশ চাঁদাবাজির পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টিও খতিয়ে দেখছে।
সারাদেশে যখন আওয়ামী দোসরদের বিচার ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার ডাক চলছে, তখন নারায়ণগঞ্জ-৪ আসনের এই গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপি নেতার ওপর এমন হামলায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

রাজনৈতিক প্রতিহিংসা ও চাঁদাবাজির এই ঘটনার আপডেট জানতে এবং আপনার মন্তব্য জানাতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে।